রাজধানীতে তড়িতাহত হয়ে ২ শ্রমিক নিহত
পুরান ঢাকার ছোট কাটরায় এক প্লাস্টিক কারখানায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক মারা গেছেন।
বুধবার সকালে জিলানী প্লাস্টিক কারখানায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, নুর মোহাম্মদ রুবেল (২০) ও মো. আক্কাস আলী (২৪)।
রুবেলের বড় ভাই হেলাল জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাজ করার সময় আক্কাস বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে রুবেল এগিয়ে এলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।
আক্কাস ও রুবেল দুই বছর ধরে এ কারখানায় কাজ করছিল বলে জানান তিনি।
চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিনের ছাউনি দিয়ে গড়ে ওঠা ওই কারখানায় প্লাস্টিকের খেলনা তৈরি করা হত। সকালে কাজ করার সময় অসাবধানতায় এ দুর্ঘটনায় ঘটে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
