বৃষ্টি মাথায় ফেরা
ঈদ সামনে রেখে বাস টার্মিনালগুলোতে ভিড় বাড়লেও ট্রেন ও লঞ্চ টার্মিনালে চিত্র ভিন্ন।
ঈদের আগে বুধবার আরেকটি কর্মদিবস থাকলেও শবে-কদরের ছুটি থাকায় ‘অঘোষিত’ ঈদের ছুটি শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকেই।
ফলে বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যেই সকাল থেকেই মানুষের ছোটা দেখা যায় নগরীর বিভিন্ন প্রান্তে।
বাস টার্মিনালগুলোতে ভিড় বেশি দেখা গেলেও ট্রেন ও লঞ্চ টার্মিনালে ভিড় ছিল তুলনামূলক কম। অবশ্য ট্রেনের টিকিট বিক্রি আগেই শেষ হওয়ায় সেখানে টিকিট ছাড়া যাত্রীর সংখ্যা ছিল কম।
বাস টার্মিনালে ভিড় বেশি
সকালে গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, মালিবাগসহ বিভিন্ন এলাকার বাস কাউন্টারগুলোতে গিয়ে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়।
ঈদের ছুটির পরপরই জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টার হরতাল থাকায় অনেকেই আগে কিনে রাখা টিকিট ফিরিয়ে দিয়েছেন বলে বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা জানান। সন্ধ্যায় অবশ্য জামায়াত তাদের হরতাল একদিন পেছানোর ঘোষণা দেন।
গাবতলীর সৌখিন পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. মুজাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগাম টিকিট বিক্রির প্রথম দুদিনেই প্রায় সব বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু ঈদের পর হরতাল ডাকায় অনেকে টিকিট ফেরত দিচ্ছেন।”
মুজাহিদের মতো একই কথা বললেন কলেজগেইট এলাকায় হানিফ এন্টারপ্রাইজের প্রধান বুকিং অফিসের কাউন্টার ব্যবস্থাপক রনি।
অনেকে টিকিট ফেরত দেয়ায় আগে টিকিট না কেটেও মঙ্গলবার সকালে গাবতলীতে এসে টিকিট পেয়েছেন যশোরের যাত্রী হাসিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মনে করছিলাম, টিকিট পাইতে ঝামেলা হবে। তবে সহজেই পাইছি।”
স্বজনদের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে বাসের ছাদে। ছবিটি মঙ্গলবার গাবতলী থেকে তোলা। ছবি:আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মহাখালী বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম দেখা গেছে।
এই বাস টার্মিনালভিত্তিক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যবারের চেয়ে এবার যাত্রী কম। গত ঈদেও এই সময়ে দিনে এক থেকে দেড় লাখ যাত্রী মহাখালী টার্মিনাল থেকে রওনা দিত।”
হরতাল থাকায় অনেকেই গ্রামের বাড়ির যাচ্ছেন না বলে মনে করছেন আবুল কালাম।
এবার ঈদে মহাসড়ক আগের মতো ভাঙাচোরা না হলেও যানজট আতঙ্ক রয়েছে যাত্রীদের মধ্যে। এক সঙ্গে অনেকেই বাড়ির পথে রওনা হওয়ায় মহাসড়কগুলোর বেশ কয়েকটি পয়েন্টে ইতোমধ্যেই যানজট হতেও দেখা গেছে।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ী চৌরাস্তা, শনিরআখড়া হয়ে নারায়ণগঞ্জ লিংক রোডের সংযোগস্থল, কুমিল্লার গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা ও চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় যানজটের সৃষ্টি হয়। সোমবার থেকেই এসব পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অন্যদিকে গাবতলী থেকে গাজীপুরের চন্দ্রা থেকে চক্রবর্তী, কালিয়াকৈর, নবীনগর, কোনাবাড়িসহ কয়েকটি পয়েন্টে যানজট লেগে ছিল বলে জানান হানিফ পরিবহনের কর্মী সোহেল মামুন।
লঞ্চে যাত্রী কম
অন্যবারের তুলনায় এবার লঞ্চে দক্ষিণাঞ্চলগামী যাত্রীর সংখ্যা কম বলে সদরঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন। এজন্য হরতালের সঙ্গে বৈরী আবহাওয়াকে দায়ী করেছেন তারা।
মঙ্গলবার ছুটির দিন সকাল থেকে সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ১৪টি লঞ্চ ছেড়ে যায়। তবে এতে ভিড় দেখা যায়নি।
সৈকত লঞ্চের ব্যবস্থাপক নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের পরের হরতালের কারণে অনেক মানুষ গ্রামের বাড়িতে কম যাচ্ছে।”
সকাল থেকে বৃষ্টি হওয়ায় যাত্রী আরো কমেছে, বলেন টিপু লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন।
অতিরিক্ত যাত্রী বহনের জন্য কোনো লঞ্চকে পন্টুন ছাড়তে বাধ্য করিয়েছেন কি না- জানতে চাইলে দায়িত্বরত নির্বাহী হাকিম মাহবুব জামিল বলেন, “অতিরিক্ত যাত্রীই তো নেই।”
বাড়ি যাওয়ার তাড়নায় ঝুঁকি নিয়েও লঞ্চে উঠছে মানুষ। রাজধানীর সদরঘাট টার্মিনালের সোমবারের চিত্র।ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নতুন লঞ্চগুলোর মধ্যে রয়েছে- পুবালী-১, রেডসান-৫, সুন্দরবন-৯, কুয়াকাটা-১, সাত্তার খান, টিপু-৭, অভিযান-৫, বে-ক্রুজার, প্রিন্স আওলাদ-৪, সম্রাট-২, এমভি ফারহান ৩ ও ৪।
বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সোলায়মান বলেন, সদরঘাট থেকে প্রায় দেড়শটি লঞ্চ চলে। আর রুট রয়েছে ৩৯টি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউসিএ) যুগ্ম-পরিচালক মো. সাইফুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, ঈদে নিরাপদে যাত্রী সেবা দিতে তারা প্রস্তুত।
বিআইডাব্লিউটিএ ২৫টি সিসি ক্যামেরা বসিয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। এছাড়া পুলিশ-র্যাবসহ অন্যান্য বাহিনীর সিসি ক্যামেরা রয়েছে।
লঞ্চে টিকিট কাটা হয় যাত্রী ওঠার পর। তবে কেবিনের টিকিট অগ্রিম কেনা যায়।
সৈকত লঞ্চের ব্যবস্থাপক নুরুন্নবী দুপুরের পর বলেন, “আমার লঞ্চ বরগুনার আমতলী যাবে। কিন্তু কয়েকটি কেবিন এখনো খালি।”
তবে যাত্রীদের অভিযোগ, কেবিনের টিকিটের দাম বেশি নেয়া হচ্ছে।
সৈকত-৯ লঞ্চের কেবিনের যাত্রী ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অন্য সময় ডাবল কেবিন ১৮শ টাকায় পেতাম, কিন্তু এখন আমার কাছে ২২শ টাকা নেয়া হয়েছে।”
তবে নুরুন্নবী দাবি করেন, তারা অন্য সময় ভাড়া কম নিতেন, এখন সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন।
বিআইডাব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ তারিখ থেকে স্পেশাল সার্ভিস চালু হয়েছে এই সুযোগ থাকবে ঈদের পরের ১০ দিন।
তিনি বলেন, ঈদের মোট ছয়টি স্টিমার বা রকেট যাত্রীসেবায় থাকবে।
বিশেষ ট্রেন
ঈদ সামনে রেখে ‘চারগুণ’ বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে মঙ্গবার সকালে ঈদের বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে।
কর্মকর্তারা জানান, প্রথম বিশেষ ট্রেনটি সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে গেছে ৪০ মিনিট পর।
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মঙ্গলবার ঘরমুখো মানুষের ভিড়। ছবি:তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সকালে বাস টার্মিনালে ভিড় দেখা গেলেও কমলাপুর ছিল অনেকটাই স্বাভাবিক। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস এবং দেওয়ানগঞ্জগামী ‘ঈদ স্পেশাল’ ছাড়া প্রায় সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রেল কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত রেলে শিডিউল বিপর্যয়ের তেমন কোনো ঘটনা ঘটেনি।
কমলাপুরের স্টেশন ব্যবস্থাপক খায়রুল বশীর সাংবাদিকদের বলেন, ঈদের পর হরতাল হলেও রেল চলাচল স্বাভাবিক থাকবে।
