২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশ ফাঁড়ি ঘেরাও, গুলি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক কলেজ ছাত্রসহ ৪ জনকে আটকের ঘটনায় একটি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 08:55 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

সোমবার রাতে ধামগড় পুলিশ ফাঁড়িতে এ ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়ে।

পুলিশ বলছে, আটককৃতদের জুয়ার আসর থেকে মাদক সেবন করা অবস্থায় আটক করা হয়েছে।

অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, আটককৃতদের ছেড়ে দিতে পুলিশ টাকা আদায়ের চেষ্টা করলে লোকজন ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টার দিকে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লার নেতৃত্বে একদল পুলিশ ইস্পানী বটতলা এলাকার রহিম মিয়ার তুলার গুদাম থেকে কলেজ ছাত্র সানি, আবু, আমির ও দেলোয়ার নামের ৪ জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

এরপর তাদেরকে ছাড়াতে গেলে পুলিশ টাকা চায় বলে অভিযোগ করে সানির পরিবার।

রাত সাড়ে ১১টায় এলাকায় এ ঘটনা ছড়িয়ে পড়লে কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। তারা মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে রাখে।

পরে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে।

পরে জনপ্রতিনিধিদের মুচলেকায় ৪ জনকে ছেড়ে দেওয়া হয়।

এসআই মিন্টু মোল্লা জানান, যাদের আটক করা হয়েছে তারা জুয়া খেলছিল। এছাড়া তারা মাদক সেবন করছিল।

৪ জনকে হাতেনাতে আটকের পর ফাঁড়িতে নিয়ে আসলে তাদের সাঙ্গপাঙ্গরা এসে আসামিদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। তখন পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানান এসআই মিন্টু মোল্লা।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি সাংবাদিকদের জানান, জুয়া খেলা ও মাদক সেবনের সময়ে ৪ জনকে আটক করা হয়েছিল। বিষয়টির তদন্ত চলছে।