মাওয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
রাজধানী থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ফিরতে শুরু করায় মাওয়া ফেরিঘাটে মঙ্গলবার সকাল থেকেই ছিল উপচেপড়া ভীড়।
এর মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় ঘরে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
জনস্রোতে এমনিতেই নদী পারাপারের বাহন পেতে লড়াই করতে হয়েছে। সেই সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টির ভোগান্তি কমাতে নৌযান মালিকদের খেয়ালখুশিমত ভাড়া গুনতে বাধ্য হয়েছেন তারা।
আগামী বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি শুরু হলেও মঙ্গলবার সকালেই নাড়ীর টানে রাজধানী ছাড়তে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।
ঢাকা থেকে মাদারীপুরগামী যাত্রী মামুন বেপারী বলেন, ঘাটে অনেক মানুষের ভীড়। ভাড়াও অতিরিক্ত নেয়া হয়েছে।
তবে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারায় তিনি আনন্দিত বলেই জানালেন মামুন।
বৃষ্টি এবং বাতাস থাকায় ঝুঁকি নিয়েই যাত্রীদের পাড়ি দিতে হচ্ছে উত্তাল পদ্মা। কারণ কোনো নৌযানেই জীবন রক্ষাকারী সরঞ্জাম নেই।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেলা সাড়ে ১০টার দিকে ২০ মিনিটের মতো লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
ঘাট এলাকা যানজটমুক্ত রাখতে এবং যাত্রীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পার করতে ট্রাক পারাপার বন্ধ করে দেয়া হয়েছে।
তবে তাদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে দাবি করেছেন লৌহজং থানার ওসি জাকিউর রহমান।
তিনি বলেন, ঘরমুখো মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছাতে মাওয়ায় ২২৭ জন পুলিশ ও ব্যাটেলিয়ান পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়াও র্যাব, আনসার, স্কাউট ও কমিউনিটি পুলিশসহ সাদা পোশাকে আরো প্রায় শতাধিক সদস্য কাজ করছে।
