অধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ ছাত্রলীগের
চট্টগ্রামের ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষকদের উপর হামলার অভিযোগ তোলার একদিন পর তার বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুললেন ছাত্রলীগ নেতারা।
‘নিজের দুর্নীতি ঢাকতেই অধ্যক্ষ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন’ বলে অভিযোগ করেন তারা।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কলেজ শাখার ছাত্রলীগ নেতারা।
সোমবার সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রেজাউল কবির দাবি করেন, ভর্তিতে কোটার ও নতুন ভবনের নির্মাণকাজ দেয়ার ছাত্রলীগ নামধারীদের ‘অযৌক্তিক’ দাবি না মানায় তারা শিক্ষকদের ওপর হামলা করেছে।
গত রোববার দুপুরে কলেজে শিক্ষক পরিষদের বৈঠক চলাকালে ‘ছাত্রলীগ নামধারী কয়েকজন বহিরাগত’ হামলা চালায় বলেও অভিযোগ করেন অধ্যক্ষ। ওই সময় ছাত্রলীগ কর্মীদের ছোড়া ডিম ও ঢিলের আঘাতে দুই শিক্ষক আহত হন।
সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান বলেন, ‘দুর্নীতি পরায়ন ও স্বেচ্ছাচারী অধ্যক্ষ নিজের দুর্নীতি ঢাকতেই ছাত্রলীগকে জড়িয়ে অপপ্রচার করছেন।’
রোববারের হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে আজিজুর বলেন, ওই দিন এইচএসসির ফল প্রকাশিত হয়। ইসলামিয়া কলেজের পরীক্ষার্থীদের এবারের কেন্দ্র ছিল সরকারি কমার্স কলেজ।
“সেখানে বাংলা পরীক্ষার দিন সময় কম দেয়ায় অনেক পরীক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়। এ নিয়ে তারা তখন বিক্ষোভও করে। ফলাফল খারাপ হওয়ায় তাদেরই কেউ কেউ ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।”
অধ্যক্ষের অভিযোগ বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আশিকুন্নবী চৌধুরী বলেন, কলেজ ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক ও ছাত্র সংসদের সহ-সভাপতি-সাধারণ সম্পাদকসহ কোনো নেতাই সেদিন ক্যাম্পাসে ছিলেন না।
ভবনের নির্মাণকাজের দাবির বিষয়ে আজিজুর বলেন, নতুন ভবনের ছয়তলার মধ্যে পাঁচ তলা পর্যন্ত কাজ শেষ। এর জন্য কোনো টেন্ডার হয়নি, ঠিকাদারও নিয়োগ হয়নি। এখন এই কাজ চাওয়ার অভিযোগ করা হাস্যকর।
ভর্তি কোটার অভিযোগ বিষয়ে তিনি বলেন, “অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি এবং বোর্ড থেকে মেধা তালিকা প্রণয়নের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এখানে ভর্তি কোটার কোনো সুযোগ নেই।”
কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত পাঁচ মাস ধরে ‘ছাত্র ছাত্রী সংগ্রাম পরিষদের’ নামে ১১ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে কলেজের শিক্ষার্থীরা।
‘ছাত্র ছাত্রী সংগ্রাম পরিষদের’ পক্ষ থেকে অধ্যক্ষের বিরুদ্ধে ভর্তি ফি ও বেতন বাড়ানোর অভিযোগও আনা হয়।
এই আন্দোলনের মধ্যেই পাঁচ বছর আগে গঠিত কলেজ ছাত্র সংসদও বিলুপ্ত করেন অধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে ছাত্র ছাত্রী সংগ্রাম পরিষদের সঙ্গে একযোগে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, ছাত্র সংসদের সহ-সভাপতি মো. ইউনুস ও সহ-সাধারণ সম্পাদক পাভেল ইসলাম।
