নারায়ণগঞ্জে আবার সোনার দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জে আবার সোনার দোকানে ডাকাতি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের ব্যস্ততার মধ্যে রোববার রাতে সিদ্ধিরগঞ্জের একটি দোকানে ক্রেতা সেজে ঢুকে ডাকাতি করে বোমা ফাটিয়ে চলে যায় ডাকাত দল।
এক মাস আগে শহরের কালীর বাজারের আল আমিন জুয়েলার্সে একই কায়দায় ডাকাতি হয়। তার চার মাস আগে একইভাবে ডাকাতি হয় টানবাজারের রিফাত জুয়েলার্সে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ডাকাত দল হানা দেয় নয়া আঁটি এলাকায় রিতু জুয়েলার্সে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা ৫/৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। পরে দোকান থেকে সাড়ে ২২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।
পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে বলে জানান তিনি।
ওসি বলেন, ডাকাতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
