ডাকাতির প্রতিবাদে নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট
ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট শুরু করেছেন নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাতে ডাকাতির পর শনিবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শহরে মিছিল করছেন ব্যবসায়ীরা। এতে স্বর্ণশিল্পীরাও অংশ নিচ্ছেন।
নারায়ণগঞ্জ জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন সেলিম বলেন, বিকালে তারা পুলিশ সুপারকে স্মারকলিপি দেবেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণগঞ্জে গত ৫ বছরে স্বর্ণের দোকানে ১০/১২টি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
“সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগের লক্ষণ নেই, তাই স্বর্ণ ব্যবসায়ী ও ক্রেতারা এখন নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।”
ধর্মঘটের পর কোনো উদ্যোগ দেখা না গেলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দেন র্স্বণ ব্যবসায়ীদের এই নেতা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ডাকাতির ঘটনায় গত শুক্রবার ব্যবসায়ী শহীদুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ডাকাতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, ধর্মঘটী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিচ্ছেন তারা।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে স্বর্ণপট্টি এলাকায় চেকপোস্ট বসানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে বলেও জানান এসপি।
গত বৃহস্পতিবার রাতে শহরের কালীবাজার এলাকায় আল আমিন জুয়েলার্সে অন্তত ২০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ৬৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাত দল। ডাকাতের হামলায় দোকান মালিকসহ আহত হন অন্তত ১০ জন।
ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জসহ দেশের কয়েকটি জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি হওয়ায় এটি সংঘবদ্ধ একটি চক্রের কাজ বলে ধারণা করছেন পুলিশ সুপার।
তিনি বলেন, চক্রটিকে সনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা পুলিশ, মডেল থানা পুলিশসহ একাধিক টিম কাজ করে যাচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসে শহরের টানবাজার এলাকার বোমা বিস্ফোরণ ঘটিয়ে রিফাত জুয়েলার্স থেকে আড়াইশ’ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের হামলায় দোকান মালিকসহ আহত হন বেশ কয়েকজন।
