পাল্টাপাল্টি সমাবেশে মহালছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়ির মহালছড়িতে একই স্থানে পাহাড়ি ছাত্র পরিষদ ও বাঙ্গালি ছাত্র পরিষদ প্রতিবাদ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার চব্বিশ মাইল এলাকা, নতুন পাড়া, টিএ্যান্ডটি এলাকা, মহালছড়ি বাজার, বাবুপাড়া, সিলেটিপাড়া, থলিপাড়া, মগপাড়া ও মহালছড়ি কলেজ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
মহালছড়ি থানার ওসি জুবাইরুল হক জানান, মাটিরাঙ্গায় এক মোটরসাইকেল চালককে অপহরণের ঘটনায় শনিবার পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
মহালছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু সাহেব চৌধুরী বলেন, পাহাড়ি-বাঙালি দুটি সংগঠন একই স্থানে সমাবেশ ডাকায় নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে ভাড়ায়চালিত মোটর সাইকেলচালক মো. কামাল (৩২) তাইন্দংয়ের বান্দরসিং এলাকা থেকে অপহৃত হন বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে।
এরপর স্থানীয় বাঙালি অধিবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই এক পর্যায়ে বিকাল ৩টার দিকে তাইন্দংয়ের বান্দরশিং পাড়া, বগা পাড়া, মনুদাস পাড়া, সর্বস্ব পাড়া ও লাকু হেডম্যান পাড়ায় চাকমা ও ত্রিপুরাদের বসতিতে এ হামলা হয়।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাইন্দংয়ের নোয়াপাড়া এলাকা থেকে মোটর সাইকেলচালক মো. কামালকে আহত অবস্থায় থেকে উদ্ধার করা হয়।
