ট্রেনের ধাক্কায় দম্পতিসহ তিনজন নিহত
জামালপুরে একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে পড়ে দম্পতিসহ তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার আধবাড়িয়া গ্রামের মাহবুবুল আলম ডন (৪৩), তার স্ত্রী জাহানারা বিথী (৩৮) এবং একই উপজেলা পাঁচ পয়লা গ্রামের আমেজ উদ্দীনের ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৫৫)।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নাসিমুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১টার দিকে জামালপুর শহরের বিজিবি ক্যাম্পের পাশে চন্দ্রা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা ওই রেল ক্রসিংয়ের কাছাকাছি পৌঁছালে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী অটোরিকশাটিও ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় পাঁচশ গজ দূরে ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই ডন এবং জামালপুর সদর হাসপাতালে নেয়ার পর বিথী ও রাজ্জাকের মৃত্যু হয় বলে ওসি জানান।
দম্পতির আহত দুই সন্তান জিমিয়া (৮) ও রিমিকে (৪) প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সরকার দলীয় সাংসদ মীর্জা আযম গভীর শোক প্রকাশ করে শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
