নয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চালু
ময়মনসিংহ শহরের কেওয়াটখালি লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী কমিউটার ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ থেকে প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল আবার শুরু হয়েছে।
ময়মনসিংহ রেল পরিবহন পরিদর্শক হামিদুর ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রাকটি হঠাৎ বিকল হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী কমিউটার ট্রেন ক্রসিংয়ে চলে এলে ইঞ্জিনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
হামিদ জানান, ট্রেনটি লাইনচ্যুত না হলেও একটি বগি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আহত হন ট্রেনচালক দেলোয়ার হোসেনসহ চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ যায়। আন্তঃনগর তিস্তা ও বলাকা ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে।
পরে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে সরিয়ে নিলে রাত দেড়টার দিকে আটকা পড়া ট্রেন গুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
