২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফরমালিন আমদানি বন্ধ, তবে আসছে কোত্থেকে’

দেশে বিভিন্ন খাদ্যপণ্যে ফরমালিনের উপস্থিতি ধরা পড়লেও তার উৎস কী, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের মনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 09:06 PM

Updated : 23 Aug 2022, 06:37 PM

তিনি বলেছেন, “নভেম্বরের (গত) পর থেকে এ পর্যন্ত কোনো ফরমালিন আমদানি হয়নি। অথচ খবর পাচ্ছি, বাজারে ফরমালিনভরা। বিষয়টি আমরা খতিয়ে দেখব। এসব ফরমালিন কি অবৈধভাবে আমদানি হচ্ছে, না আগে আমদানি করা ফরমালিন।”

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশের বিভিন্ন খাদ্যপণ্যে ফরমালিনের মাত্রাতিরিক্ত উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। খাদ্যে পচন রোধে এই রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার মানবস্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দিচ্ছে বলে চিকিৎসকরা বলছেন।

বুধবার ‘খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফরমালিনের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, গত বছরের নভেম্বর থেকে ফরমালিন আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

নিয়ম করা হয়েছে, ফরমালিন আমদানি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।

“এ পর্যন্ত মাত্র একজন ব্যবসায়ী ফরমালিন আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন। আমরা সেটা এখনো পরীক্ষা-নিরীক্ষা করছি। অনুমোদন দেয়া হয়নি।”

জাতীয় প্রেসক্লাবে ভলান্টারি কনজুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি (ভোক্তা) এবং বাংলাদেশ মুড়ি ও চিড়া কল মালিক সমিতি যৌথভাবে ওই সেমিনার আয়োজন করে।

জি এম কাদের বলেন, “ভেজাল মহাসমস্যায় রূপ নিয়েছে। দেশবাসী এই ভেজাল নিয়ে উদ্বিগ্ন।”

খাদ্যে ভেজাল বন্ধে মন্ত্রী সরকারের সঙ্গে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

ভলান্টারি কনজুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি (ভোক্তা) এর চেয়ারম্যান মুহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হোসেন উদ্দিন শেখর।

মূল প্রবন্ধে বলা হয়, ৪৫ শতাংশ রোগবালাই হচ্ছে ভেজাল খাদ্যের কারণে, যা মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে, কমাচ্ছে আয়ও।

তিনি বলেন, রমজানে ৫৯ শতাংশ আপেল, ৯৫ শতাংশ আঙ্গুর, ৭৭ শতাংশ খেজুর, ৭৫ শতাংশ টমোটো, ৬০ শতাংশ বেগুন, ১০০ শতাংশ সেমাই এবং ৮৯ শতাংশ নুডুলসে ফরমালিন দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীদের নৈতিকতা উন্নয়নের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের ব্যবস্থা করতে হবে।

আরেক বিশেষ অতিথি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকার নানান উদ্যোগ নিচ্ছে, কিন্তু ভোক্তাদের সচেতনতার অভাবে তা ফলপ্রসূ হচ্ছে না।

এফবিসিসিআইর সহ-সভাপতি মো. হেলালউদ্দিন বলেন, ভেজাল বন্ধে আইনের কঠোর প্রয়োগের কোনো বিকল্প নেই। আইনের প্রয়োগ হচ্ছে না বলেই ভেজাল হচ্ছে।

তিনি ফরমালিন আমদানির জন্য একমাত্র টিসিবিকে অনুমোদন দিয়ে দেশের ব্যবসায়ীদের টিসিবি থেকে কিনে নেয়ার ব্যবস্থা করার পরামর্শ দেন।

সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যারয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের অধ্যাপক খালেদা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডভান্সড রিসার্চ অ্যান্ড সায়েন্সের প্রধান বিজ্ঞানী ড. লতিফুল বারী, অধ্যাপক কামাল আতাউর রহমান, মুড়ি ও চিড়া কল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম ইকবাল।