শ্রীপুরে রিকশাচালক খুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে সাতাখামাইর-দরগাচালা রোডের চৌরাস্তায় এ হামলায় নিহত রফিকুল ইসলাম (৪০) উপজেলার ডালেশ্বর গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, রফিকুল প্রতিদিন ভোরে সাতখামাইর স্টেশন থেকে ট্রেনে ঢাকা গিয়ে রিকশা চালিয়ে আবার রাতের ট্রেনে বাড়ি ফিরতেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে সাতখামাইর স্টেশনের দিকে যাচ্ছিলেন। দরগাচালা রোডের চৌরাস্তার কাছাকাছি পৌঁছলে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
