চট্টগ্রামে দীর্ঘ প্রতীক্ষাতেও মেলেনি টিকিট
টিকিটের জন্য নির্ঘুম দীর্ঘ প্রতীক্ষার পরও স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে ঘরমুখো মানুষদের অনেকই খালি হাতে ফিরেছেন চট্টগ্রাম রেল স্টেশন থেকে।
সোমবার সকালে ৭ অগাস্টের আগাম টিকিট দেয়ার কথা থাকলেও আগের দিন সন্ধ্যা থেকেই কাউন্টারের সামনে লাইন দেয়া শুরু করেন টিকিটপ্রত্যাশীরা।
প্রায় ২০ ঘণ্টার কষ্টকর প্রতীক্ষার পর কেউ কেউ টিকিট পেলেও কাউন্টার থেকে টিকিট শেষ ঘোষণার পর অনেকে হতাশ ও বিমর্ষ হয়ে ফিরে যান।
টিকিটপ্রত্যাশীরা জানান, দুপুর সোয়া ১২টায় যখন সব টিকিট শেষ বলে ঘোষণা দেয়া হয় তখনো প্রায় হাজার খানেক মানুষ বিভিন্ন কাউন্টারগুলোর সামনে লাইনে দাঁড়ানো ছিল।
রোববার ভোর ৪টা থেকে মহানগর গোধূলীর টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি ওমর ফারুক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকজমকে বলেন, “সেহরি খেয়ে বাসা থেকে বের হয়ে স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে ছিলাম মোট আট ঘণ্টা। যখন টিকিট শেষের ঘোষণা দেয়া হয় তখনও আমার সামনে দাঁড়িয়ে ছিল শতাধিক মানুষ।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শাহাদাত হোসেন সুবর্ণ এক্সপ্রেস এবং তামিম মহানগর গোধুলীর টিকিটের জন্য লাইনে দাঁড়ান।
শেষ পর্যন্ত শাহাদত টিকিট পেলেও তামিমকে খালি হাতে ফিরতে হয়েছে।
১ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা ও টিউশনি থাকায় ৭ আগস্টের আগে বাড়ি যেতে পারবেন না বলে জানান তারা।
রোববার ইফতারের পরে লাইনে দাঁড়িয়ে সোমবার দুপুর ১২টায় তূর্ণা নিশিথার টিকিট পেলেও ধীর গতিতে টিকিট বিক্রি হচ্ছিলো বলে অভিযোগ করেন বন্দরটিলার সেলিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত ৮টায় নির্ধারিত ‘যাত্রী তথ্য স্লিপ’ পূরণ করে লাইনে দাঁড়াই। ওই সময় আমার সামনে আরো ৫০ জনের মতো দাঁড়ানো ছিল।”
সোমবার সকাল ৮টায় স্টেশনে গিয়ে দেখা যায়, অপেক্ষার কষ্ট ভুলে থাকতে রাতজাগা টিকিটপ্রত্যাশীদের কেউ কেউ তাস খেলছে। অনেকে সারা রাতের ক্লান্তি দূর করতে আড়মোড়া ভাঙ্গছে।
চট্টগ্রাম স্টেশনে সবচেয়ে বেশি চাহিদা ছিল মহানগর গোধূলীর টিকিটের। দ্বিতীয় দীর্ঘ সারি ছিল তূর্ণা নিশিথার কাউন্টারের সামনে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান টিকিটের জন্য লাইনে দাঁড়ান আগের রাত ১২টায়। সোমবার দুপুরে টিকিট বিক্রি শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি মহানগর প্রভাতীর দুটি টিকিট পান।
এদিকে অনলাইনে টিকিট কিনতেও বিড়ম্বনার শিকার হয়েছেন বলে কেউ কেউ অভিযোগ করেছেন।
সুমন চৌধুরী মনি নামে উন্নয়ন সংস্থার এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টায় অনলাইনে চেষ্টা করলে ‘টিকিট নেই’ বলে দেখানো হয়। ৩০ মিনিট পরে টিকিট পাওয়া গেলেও ট্রেনের টিকিট বিক্রির সার্ভার সমস্যার কারণে টিকিট অনলাইনে ক্রয় করা যায়নি।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাহিদার তুলনায় টিকিট অপ্রতুল থাকায় অনেকেই টিকিট পাচ্ছেন না।
স্টেশন থেকে পাওয়া তথ্য অনুসারে, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট ৫২৮টি, মহানগর প্রভাতীর ৬৪০টি, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ৬২৫টি, ঢাকাগামী গোধূলীর ৫৭৪টি, উদয়নের ৫২৫ এবং তূর্ণা নিশিথার ৫০৫টি টিকিট বিক্রির জন্য ছিল।
