হত্যা মামলার ৫ আসামি খালাস
বগুড়ার একটি হত্যা মামলায় এক ফাঁসির আসামিসহ পাঁচজনকে খালাস দিয়েছে হাই কোর্ট।
নিম্ন আদালতে ফাঁসির আদেশ পাওয়া মো. আলিফ ইসলাম ওরফে মিলুকে খালাস দিয়েছে হাই কোর্ট।
এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া হাদি ওরফে আব্দুল হাদি, আশেকুজ্জামান ওরফে সজীব মণ্ডল, মো. বাপ্পী, আলম ওরফে নূর আলমকেও খালাস দেয়া হয়েছে।
আদালতে মিলুর পক্ষে শুনানি করেন খবির উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।
মামলার বিবরণে বলা হয়, বগুড়া সদরের শেখপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম ২০০৬ সালের ৩০ অক্টোবর খুন হন। ওইদিন তার স্ত্রী মো. আনজু আরা একটি মামলা করেন।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, আসামিরা তার স্বামীর মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়াদের কাছে ভাড়া দাবি করেন। বাড়ির মালিক সাইফুল ইসলাম এ বিষয়ে থানায় জিডি করলে আসামিরা তাকে ডেকে নিয়ে মারধর করে। ওইদিনই হাসপাতালে তার মৃত্যু হয়।
অভিযোগপত্রভুক্ত আট আসামির মধ্যে পাঁচজন বিচারিক আদালতে দণ্ডিত হন। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ এটিএম মেসবাহউদ্দৌলা ২০০৮ সালের ৩ এপ্রিল ওই রায় দেন।
তবে জাকির, সোহেল ও আপেল নামে তিনজনকে খালাস দেন তিনি।
