২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে বাগেরহাটে জনজীবন বিপর্যস্ত

বাগেরহাটে টানা বর্ষণে শহরের বেশ কিছু নিচু এলাকায় পানি জমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 08:50 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

রোববার সকাল থেকে তিন ঘণ্টার টানা বর্ষণে বাগেরহাট পৌরসভার মিঠাপুকুরপাড়, আলীয়া মাদ্রাসা সড়ক, বাসাবাটি, নাগেরবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।

এদিকে বাগেরহাটের আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। তবে সবচে বেশি অসুবিধায় পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

এদিকে প্রবল বর্ষণে মংলা বন্দরে পণ্য উঠা-নামার কাজ ব্যাহত হয় বলে জানান মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী মোক্তাদির হোসেন।

দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরে সার, গম, ক্লিংকার, লবনসহ মোট এগারোটি জাহাজ অবস্থান করছে।

সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাতের কারণে জাহাজে পণ্য ওঠানামার কাজ ব্যাহত হয়। বৃষ্টি থেমে গেলে আবার তা স্বাভাবিক হয় বলে জানান বন্দর কর্মকর্তা।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হীরেন্দ্রনাথ হাওলাদার বলেন, ভারী বর্ষণে জেলার বিভিন্ন নিচু এলাকার বেশ কিছু আমনের বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে।

ভারী বর্ষণ অব্যাহত থাকলে আমনের ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।