২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

রাস্তা থেকে সরকারি গাছ চুরির সময় সেখানে ‘উপস্থিত থাকার’অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 08:38 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

রোববার সকালে আলফাডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়াদুর রহমান ও কনস্টেবল নাজিমউদ্দিনকে প্রত্যাহার করে নেয়া হয়।

জেলার সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) এ বি এম জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঁচুড়িয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য সাইফুর রহমান জানান, বেড়িরহাট-বানা সড়ক থেকে চোরেরা প্রায়ই গাছ কেটে নিয়ে যায়।

“শনিবার রাত দেড়টার দিকে গাছ কাটার সময় স্থানীয় লোকজন চোরদের ধাওয়া দিয়ে করাতি খলিলকে ধরে ফেলে। এ সময় এএসআই সৈয়াদুর ও কনস্টেবল নাজিমউদ্দিনও সেখানে উপস্থিত ছিলেন।”

পরে লোকজন ধাওয়া দিলে পুলিশের দুই সদস্য মোটরসাইকেল রেখেই পালিয়ে যান বলে দাবি করেন ইউপি সদস্য সাইফুর।

এ ঘটনায় সাইফুর বাদী হয়ে ধলজুড়ী এলাকার রঞ্জু সরদার, শহীদুল, আইউব, কামরুল, খলিল, আবুল, মোহাম্মদ ও কুবাদকে আসামি করে মামলা করেন।

রঞ্জু সরদার এলাকায় পুলিশের সোর্স হিসাবে পরিচিত।

তবে এ অভিযোগ অস্বীকার করে এএসআই সৈয়াদুর রহমান জানান, রাতে তারা লাঠি হাতে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন ।

“পুলিশের সোর্স রঞ্জুর কাছ থেকে গাছ কেটে নেওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সেখানে কয়েকশ’লোক দেশিয় অস্ত্র  নিয়ে বসে আছে।”

এএসআই জানান, কাছাকাছি গেলেই তারা ধাওয়া দেয়। তখন প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

সহকারি পুলিশ সুপার  এ বি এম জাকির হোসেন জানান, পুলিশের সোর্স রঞ্জু টহল পুলিশকে বিভ্রান্ত করতে এ কাজ করেছে। তারপরও তদন্তের স্বার্থে এ দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।