সিরাজগঞ্জে পাউবো বাঁধে আবারও ধস
সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মোল্লাবাড়ী এলাকা থেকে যমুনা নদী বরাবর নির্মাণ করা ক্রসবার বাঁধে দ্বিতীয় দফায় ধস দেখা দিয়েছে।
রোববার সকালে বালি ভর্তি জিওব্যাগ ফেলে ধস নিয়ন্ত্রণে আনে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
প্রবল স্রোতের ঘূর্ণাবর্তে শনিবার আকস্মিক বাঁধের মাঝের অংশের প্রায় ১০০ মিটার অংশ যমুনা গর্ভে ধসে যায়। পাউবো তাৎক্ষণিকভাবে সেখানে বালি ভর্তি জিওব্যাগ ফেলা শুরু করে।
পাউবো সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী জুলফিকার তারেক জানান, শনিবার সন্ধ্যার পর ক্রসবার বাঁধের মাঝের অংশে আকস্মিক ধস দেখা দেয়। প্রতিরোধে তাৎক্ষণিক জিওব্যাগ ফেলে প্রতিরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই।
যমুনায় ক্যাপিট্যাল ড্রেজিং এর অংশ হিসেবে পাউবো ও চীনের একটি কোম্পানি শহর রক্ষা বাঁধের উজান-ভাটিতে বালি দিয়ে ৪টি ক্রসবার বাঁধ নির্মাণ করে।
এর আগে ১৩ই জুলাই এ বাঁধের সামনের অংশের ৫০ মিটার অংশ নদীগর্ভে ধসে যায়।
