বাসচাপায় শিশুর মৃত্যুতে বিক্ষোভ, ৫ পুলিশ আহত
চট্টগ্রাম নগরীতে বাস চাপায় এক শিশু মৃত্যুর ঘটনায় বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এসময় ঠেকাতে গিয়ে তাদের ছোড়া ইটের আঘাতে চান্দগাঁও থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে চান্দগাঁওয়ের খতিব বাড়ি মসজিদের সামনে বাস চাপায় নিহত হয় তানজিদ (৮)।
চান্দগাঁও থানার এসআই রতন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পৌনে দুইটার দিকে ১০ নম্বর রুটের একটি বাস তানজিদকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন দেয় বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসী বাস ড্রাইভারকে মারধর করার সময় তাকে উদ্ধার করতে গেলে তাদের ছোঁড়া ইট পাটকেলে চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মেহেদী হাসান, কনস্টেবল উসাই চাকমা, মোসলেম উদ্দিন, খোকন শীল।
এছাড়া আহত পুলিশ সদস্যদের ও বাস চালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান তিনি।
দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, আগুন নেভাতে গেলে এলাকাবাসী ফায়ার সার্ভিসের একটি অগ্নি নির্বাপণ গাড়ি ভাংচুর করে এবং আগুন দেয়।
