২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংকটে’ তাজউদ্দীনস্মরণ

দেশের বর্তমান ‘সংকট’ থেকে উত্তরণে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদকে স্মরণ করে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেছেন, যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবেলায় তিনি ছিলেন অতুলনীয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 06:33 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘তাজউদ্দীন আহমেদের ৮৮ তম জন্মদিনের শ্রদ্ধাঞ্জলী’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর-উল ইসলাম বলেন, “তাজউদ্দীন আহমেদের জীবনে যে সততা, দৃঢ়তা, সহনশীলতা ছিল তা থেকে শিক্ষা নিয়ে, দেশের চলমান সংকট থেকে বেরিয়ে আসা যেতে পারে।”

তবে এসব সংকট একদিনে উপড়ে ফেলা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

“গবেষণা করে দেশের সংকট চিহ্নিত করে তা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। যদিও বাংলাদেশের সমস্যা সমাধানে কেউ গবেষণা করছে না।”

অনুষ্ঠানে তাজউদ্দীন আহমেদের ব্যক্তিগত ডায়েরি থেকে কিছু অংশ পড়ে শোনান তার মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি।

তিনি বলেন, “বিরোধী দল আর সরকারি দল সবাইকেই মনে রাখতে হবে, যা কিছু বলি, যা কিছু করি তার ফল ভোগ করতে হবে আমাদেরকেই। আমার বাবা শহীদ তাজউদ্দীন আহমেদও এ কথাই বলতেন।

রিমি বাবার ডায়েরি থেকে ১৯৪৭, ৪৮, ৫১ সালে লেখা কিছু অংশ পড়ে শোনানোর সময় বলেন, তার ডায়েরিতে বাড়ির পাশের গাড়িয়ালের মৃত্যু, ধান-চালের দামের খবর কিংবা দেশের বাইরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলো স্থান পেত। এসব বিষয়ে প্রতিমাসে তার একটি নিজস্ব বিশ্লেষণও থাকতো।

বাংলাদেশের মানুষ হলেও তাজউদ্দীন আহমেদের ভাবনা জুড়ে পুরো পৃথিবী ছিল বলেও জানান রিমি।