ফেনীতে ট্রেনের ছাদে ছিনতাই, ছুরিকাহত ১
ঢাকা-চট্টগ্রাম রেলপথে ফেনীতে ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ হামলায় আহত শাহ জামালকে (২২) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার জালিয়াপড়া গ্রামের মনির আলমের ছেলে।
এ ঘটনায় ফেনী রেলওয়ে পুলিশ (জিআরপি) চারজনকে আটক করেছে।
ফেনী রেল স্টেশন পুলিশ ক্যাম্পের উপপিরদর্শক (এসআই) মো. মেছবাউল আলম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পুলিশ শাকিল, সুমন, নবী ও নাঈম হোসেন নামে চার ছিনতাইকারীকে আটক করেছে বলেও তিনি জানান।
ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহ জামাল জানান, রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার জন্য ঢাকাগামী মেইল ট্রেনের ছাদে ওঠেন তিনি।
রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি ফেনীর কাছাকাছি পৌঁছার পর কয়েকজন ছিনতাইকারী শাহ জামালকে কাছে ডেকে ছোরা ঠেকিয়ে পকেটে থাকা টাকাপয়সা দিয়ে দিতে বলে। তিনি তাতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে বুকে ও পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাত করে টাকাপয়সা নিয়ে যায়।
এ ঘটনা দেখে ট্রেনের ছাদে থাকা আরো কয়েকজন তাদের টাকাপয়সা দিয়ে দেয়।
জামাল আরো বলেন, ট্রেনটি ফেনী রেল স্টেশনে আসার পর তার চিৎকার শুনে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
