২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে নারায়ণগঞ্জ সদরের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় রাকিবুল ইসলাম অলয়ের (১৭) লাশ পাওয়া যায়।  

অলয় ঢাকার নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লার কোতালের বাগের মো. নজরুল ইসলামের ছেলে।

রাকিবুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মৃতের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, গত ২৪ জুলাই রাকিবুল ইসলাম অলয় তারাবী নামাজ পড়তে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন।

শুক্রবার বেলা ৩টার দিকে শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। উদ্ধারের পর তার বাবা লাশ শনাক্ত করেন।

ওসি আব্দুল মতিন আরো জানান, নিহতের প্যান্টের পকেটে মোবাইল ফোন ছিল। নিখোঁজ হওয়ার পর পরিবার ও বন্ধুদের কাছে পাঠানো এক এসএমএসে সবার কাছে মাফ চেয়েছিলেন তিনি।

তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নদীতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো বলে জানান ওসি।