‘ইসির উদ্যোগ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে’
নির্বাচনী আচরণবিধি সংশোধনের কথিত উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় সংকটের সৃষ্টি হবে বলে মনে করছে বিএনপি।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এরকম হলে গোটা নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
আগামী নির্বাচনের জন্য পঞ্চদশ সংশোধনীর আলোকে প্রধানমন্ত্রীসহ তার মনোনীতদের স্বপদে থেকে রাষ্ট্রীয় পরিচয় ও নিরাপত্তা নিয়ে সংসদ নির্বাচনে অংশ দেয়ার সুযোগ করে দিতে ইসি আচরণবিধি সংশোধনের প্রস্তাব করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।
অবশ্য নির্বাচন কমিশন দাবি করে আসছে, তারা এ ধরনের কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত নেয়নি।
নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন কমিশনের এমন প্রস্তাব শুধু বৈষম্যমূলক নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ধারণার পরিপন্থি। জনপ্রতিনিধিত্ব আইনের এমন সংশোধনী নিশ্চিতই আরেকটি জাতীয় সংকটের জন্ম দেবে। আমরা তা প্রত্যাহারের প্রকাশ্য ঘোষণা দাবি করছি।”
তিনি বলেন, “জনগণ যেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরোধী সেখানে ক্ষমতাসীন দলীয় সরকারকে আরো বেশি সুযোগ-সুবিধা দেয়ার প্রস্তাব করে নির্বাচন কমিশন শুধু জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়নি, জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতাকে আগুনে ঘি ঢেলেছে।”
নির্বাচন কমিশন নিরপেক্ষতা রক্ষা করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন নজরুল।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
