২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের আট কর্মী আহত হয়েছে বলে সংগঠনটির নেতারা দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

তবে পুলিশ বলছে, নিজেদের মধ্যে গোলাগুলিতে ছাত্রদল কর্মীরা আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে  পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়।

এ সময় সিরাজ নামে এক ছাত্র ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন,  তারা একটি প্রতিবাদ মিছিল বের করলে  পুলিশ  তাদের ওপর চড়াও হয়।

পুলিশের গুলিতে সিরাজ, নাসির, শামীম, সুজন, জাফর, উজ্জল, শান্ত ও হাবিব নামে আট  কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে  ছাত্রদল নেতার অভিযোগ অস্বীকার করে কোতয়ালি  থানার ওসি শাহ আলম বলেন, ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে  ভাংচুর করলে তাদের বাধা দেয়া হয়।

“পরে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে নিজেদের মধ্যে গোলাগুলি শুরু করে।”

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ  তিন রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। তবে এতে কেউই আহত হয়নি।

মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহদেব রাজবংশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে এখানে ভর্তি করা হয়েছে। তার তলপেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।