দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হতে নির্দেশ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজটি আরো কিভাবে সুচারুরূপে করা করা যায় সভায় জেলা প্রশাসকরা তা জানতে চান।
এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য সুষমভাবে সব স্থানে সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেয়া হয়েছে।
লবণ চাষীরা ন্যায্যমূল্য পায় না জানিয়ে সভায় জেলা প্রশাসকরা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন বলে জানান মন্ত্রী।
এছাড়া তারা ফরমালিন নিয়ন্ত্রণের সুপারিশ করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ফরমালিন নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হয়েছে।
“ফরমালিন আমদানি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। একটি প্রতিষ্ঠান ফরমালিন আমদানির অনুমতি চাইলেও এখনো তাদের অনুমোদন দেয়া হয়নি।”
এ কার্য অধিবেশনে শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া উপস্থিত ছিলেন।
