ওয়াশিংটনে ইউনূসের বৈঠক
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন মুহাম্মদ ইউনূস।
ওয়াশিংটন সময় মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে ১২টার মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি রবার্ট ও ব্লেইক, অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সহকারী সেক্রেটারি জোসে ফার্নান্দেজ এবং রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শ্যারম্যানের সঙ্গে পরপর এই বৈঠকগুলো হয়।
তবে বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেখা যায়, দিনের কার্যসূচিতে ইউনূসের সঙ্গে তিনটি বৈঠকের ক্ষেত্রেই বলা হয়েছে ‘ক্লোজড প্রেস কভারেজ’।
সম্প্রতি ইউনূস সেন্টারের এক বিবৃতি নিয়ে শেখ হাসিনা সরকারের কড়া হুঁশিয়ারির মধ্যে ওয়াশিংটনে এই বৈঠক হল। যুক্তরাষ্ট্রের ওই তিন কর্মকর্তাই গত এক বছরে বাংলাদেশ সফর করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে।
“ড. ইউনূসের অনুপস্থিতিতে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কিভাবে চলছে, তা জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।”
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয় নোবেলজয়ী ইউনূসকে। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে হেরে নিজ থেকে সরে যান তিনি।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পুনরায় ফেরত পাওয়ার দাবি নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে ওই কর্মকর্তা জানান।
কারখানায় শ্রম পরিবেশ নিয়ে অসন্তোষ থেকে গত মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা বাতিল করে।
আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিত, এক্ষেত্রে ইউনূসের ভূমিকা ছিল।
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে ইউনূস বলেন, “আমরা যেহেতু ক্রেতাদের সন্তুষ্ট করতে পারিনি, তাই তারা জিএসপি সুবিধা স্থগিত করেছে।”
