১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

রনির বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

সাংসদ গোলাম মাওলা রনির হাতে ইনডিপেনডেন্টের টেলিভিশনের দুই সাংবাদিক নির্যাতিত হওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

কর্মসূচি থেকে এ ঘটনার সুষ্ঠু বিচার ও সাংসদ রনির গ্রেপ্তার দাবি করা হয়।

একটি অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে শনিবার পল্টনে রনির কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল

দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদের মহাসচিব আবুল কালাম আজাদ, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নজরুল বিশ্বাস, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, সাংবাদিক মুরাদ আহমেদ প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ফেনী

দুপুরে ফেনী প্রেস ক্লাবের সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নাজমুল হক শামীমের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি মীর হোসেন মীরু, সাপ্তাহিক হকার্স পত্রিকার সম্পাদক নুরুল করিম মজুমদার, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি প্রমুখ।

মানববন্ধনে ফেনী প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি, সম্পাদক পরিষদ, ফটোজানালিস্ট এসোসিয়েশন, লিও ক্লাব অব ফেনীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

খাগড়াছড়ি

সকাল ১১টায় শহরের প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ মাননবন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি দীলিপ চৌধুরী, সহ-সভাপতি নুরুল আজম, জিতেন বড়ুয়া, নাজিম উদ্দীন, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) সভাপতি নমিতা চাকমা ও মো. আখতারউদ্দীন মামুন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

সিরাজগঞ্জ

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের উদ্যোগে সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

নওগাঁ

জেলা প্রেস ক্লাবের আয়োজনে সকাল ১১টায় শহরের মুক্তির মোড় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাদেকুল ইসলাম, চ্যানেল আইয়ের কায়েস উদ্দিন, সময় টিভির এম আর রকি, এসএ টিভির মামুনুর রশীদ বাবু, এবি এম রফিকুল ইসলাম, বাংলাভিশনের বেলায়েত হোসেন, এটিএন বাংলার রায়হান আলম, এনটিভির আসাদুর রহমান জয়।

মৌলভীবাজার

মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, আব্দুল হামিদ মাহবুব, রাধাপদ দেব সজল, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, নুরুল ইসলাম শেফুল, সৈয়দ উমেদ আলী, আনহার আহমদ শামসাদ ও শাহজান আহমদ প্রমুখ।