ফেনীতে পাটকলে আগুন, আহত ১০
ফেনীর বিসিক শিল্প নগরীর একটি পাটকলে আগুন লেগে দমকল কর্মীসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে কোয়ালিটি জুট মিলে আগুন লাগে।
এর আট ঘণ্টা পর ফেনীর পাঁচটি এবং নোয়াখালির দুইটি ইউনিট একযোগে কাজ করে দুপুর বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যার দিকেও থেমে থেমে আগুন জ্বলছিল বলে জানিয়েছে দমকল কর্মীরা।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের তিন কর্মী মোখলেছুর রহমান, আবুল কাশেম, আবদুল মজিদ এবং শ্রমিক সালাউদ্দিন ও জয়সহ ছয়জন আহত হয়েছেন।
এদের মধ্যে মজিদকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন বলেন, মিল ভবনের দুইটি গার্ড ওয়াল ও গুদামের চাল ভেঙে পড়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
৭ কোটি টাকার রপ্তানি পণ্যসহ ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানাটির মহাব্যবস্থাপক এস এম ইকবাল।
কারখানার কোয়ালিটি কন্ট্রোলের ডেপুটি ম্যানেজার শাহজাহান সিরাজ বলেন, ভোরে কারখানার একটি ইউনিটের স্পিনিং সেকশনে মেশিনের ঘর্ষণ থেকে আগুন ধরে এবং কিছুক্ষণের মধ্যেই আরো দুইটি ইউনিটে ছড়িয়ে পড়ে।
