তাড়াশে গৃহবধূ ‘খুন’
সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে রঙ্গমহল গ্রামের শ্বশুরবাড়ি থেকে রেহানা খাতুনের (২২) লাশ উদ্ধার করে পুলিশ।
রেহানা শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের হারুন-অর-রশিদের মেয়ে এবং রঙ্গমহল গ্রামের খরিব উদ্দিনের ছেলে আব্দুস সবুরের স্ত্রী। তাদের দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
ঘটনার পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তাড়াশ থানার এসআই নাসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘরের পেছেনে একটি গাছে রেহানার ঝুলন্ত লাশ দেখে তা নামিয়ে ফেলে প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দেয়।
স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের কারণে রেহানাকে মারপিট করে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।
এসআই আরো বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
