সাংবাদিকের উপর হামলা: ফরিদপুরে মানববন্ধন
ঢাকা ও ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
রোববার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে বেলা ১১টা থেকে একঘণ্টা এ মানববন্ধন হয়।
শনিবার ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগ নেতা আতমা হালিমের গাড়িবহরে হামলায় হালিম ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।
এছাড়া ঢাকার তোপখানা রোডে সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের মারধর করেন।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, পান্না বালা, জাহিদ রিপন, মশিউর রহমান প্রমুখ।
বক্তারা সালথা ও ঢাকায় দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিকদের ওপর হামলাকে বর্বোরোচিত বলে উল্লেখ করেন।
তারা দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি।
