রানা প্লাজায় আহতদের সঙ্গে ‘প্রতারণা’, শ্রমিক নেতা গ্রেপ্তার
রানা প্লাজা ধসে আহতদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তাররা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন এবং সদস্য রফিকুল ইসলাম।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার রানা প্লাজা ধসে আহত কয়েকজনকে স্বাস্থ্যসেবা দেয় গণস্বাস্থ্য।
সন্ধ্যায় ওখানে হাজির হয়ে এ দুই নেতা কয়েকজন আহত শ্রমিককে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে দেয়ার কথা বলে টাকা গ্রহণ করছিলেন।
বিষয়টি এলাকার মানুষ পুলিশকে জানালে তাদের হাতনাতে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রোববার তাদের আদালতে হাজির করা হবে।
