ফরিদপুরে আতমা হালিমের ওপর ‘সাজেদা সমর্থকদের’ হামলা
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা আতমা হালিমের গাড়িবহরে হামলা হয়েছে, এজন্য স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সমর্থকদের দায়ী করেছেন তিনি।
শনিবারের এই হামলায় আহত জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য অভিযোগ করেছেন, সংসদ উপনেতা সাজেদার আসনে প্রার্থী হতে চাওয়ায় তার ওপর এই হামলা হয়েছে।
অন্যদিকে সাজেদা সমর্থক আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দাবি করেছেন, আতমা হালিম গুলি ছুড়লে স্থানীয়রাই তাকে ধাওয়া করে।
এতে উত্তেজিত হয়ে স্থানীয়রা আতমা হালিমের একটি গাড়ি ভাংচুর এবং আরেকটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরকান্দার বল্লভদী ইউনিয়নের বল্লভদী গ্রামে যাওয়ার পথে সোয়া ১১টা দিকে মাদ্রাসা পট্টি এলাকায় হামলার মুখে পড়েন আতমা হালিম। এতে সংঘর্ষে সাংবাদিকসহ ২০ জন আহত হন।
তিনি সাংবাদিকদের বলেন, সাজেদা চৌধুরীর সমর্থকরা তার গাড়িবহরে হামলা চালিয়ে তার লাইসেন্স করা পিস্তল ও ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে।
নিজের বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বল্লভদী গ্রামে যাচ্ছিলেন বলে জানান তিনি।
স্থানীয়রা জানায়, দলীয় প্রতিপক্ষ সড়কে গাছ ফেলে রাখায় আতমা হালিমের গাড়িবহর আটকে যায়। বিক্ষোভ দেখে নিজের পিস্তল থেকে গুলি ছোড়েন তিনি।
আতমা হালিম বলেন, “আমি আত্মরক্ষার জন্য লাইসেন্স করা পিস্তল দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ি। তখন হামলাকারীরা আমার পিস্তল ও গাড়িতে রাখা লাইসেন্স করা শটগান কেড়ে নেয়।
“আমার ভাগ্নে নজরুল ইসলাম পল্টুর গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। অল্পের জন্য সে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে।”
পল্টুও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এই হামলার বিষয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দেলোয়ার সাংবাদিকদের বলেন, ‘পিডিপি নেতা’ আতমা হালিম তার গাড়িতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পোস্টার লাগিয়ে ওই পথে যাওয়ার সময় স্থানীয়রা তার কারণ জানতে চায়।
“বদানুবাদের এক পর্যায়ে আতমা হালিম তার পিস্তল দিয়ে গুলি করলে অন্তত পাঁচ জন আহত হয়। এরপর স্থানীয় জনতা হালিমকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান।”
আতমা হালিমের সঙ্গীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হুমাযূন ফকির (২৮) ও নাজমুল মোল্লা(২১) নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন বলে জানান আওয়ামী লীগ নেতা দেলোয়ার।
সংসদ উপনেতা সাজেদার ব্যক্তিগত সহকারী (এপিএস) জামাল হোসেন বলেন, “পিডিবি নেতা হালিম এলাকার লোকজনের ওপর গুলি চালালে এই ঘটনা ঘটে। পুলিশ ওই এলাকা থেকে হালিমের শটগানও উদ্ধার করেছে।”
আতমা হালিম অভিযোগ করেছেন, হামলা হলে তিনি ওসিকে ফোন দিলেও সাড়া পাননি।
তবে সে অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা আফসার।
তিনি বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে রওনা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।”
সালথা উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়েও সাজেদা সমর্থকদের সঙ্গে আতমা হালিমের রেশারেশি চলছে।
গত মাসে সাজেদার উপস্থিতিতে কাউন্সিলে দেলোয়ার হোসেনকে সভাপতি করে কমিটি গঠনের পাল্টা কমিটি করেন আতমা হালিম, যার আহ্বায়ক হয়েছেন তিনি।
