সালথায় সাজেদাবিরোধীদের পাল্টা কমিটি
ফরিদপুরের সালথা উপজেলায় কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা কমিটির ঘোষণা এসেছে।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর আতমা হালিম ৬৬ সদস্যের এই ‘কমিটির’ আহ্বায়ক হয়েছেন।
তিনি দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরোধী পক্ষের বলে পরিচিত।
শুক্রবার সৈয়দা সাজেদা চৌধুরীর উপস্থিতিতে প্রথম সম্মেলনে দেলোয়ার হোসেনকে সভাপতি ও ফারুকুজ্জামান ফকিরকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্যের কমিটি গঠন হয়।
ওই কমিটির অধিকাংশ সদস্যের ‘গ্রহণযোগ্যতা’ নেই দাবি করে আতমা হালিম সাংবাদিকদের বলেন, “তারা ভাড়াটে লোকজন নিয়ে একটি পকেট কমিটি করেছে। সামনের নির্বাচন দলের জন্য এক অগ্নি পরীক্ষা। তাই ত্যাগী নেতাকর্মীদের দিয়ে আহ্বায়ক কমিটি করে অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।”
তিনি দাবি করেছেন, ওই আহ্বায়ক কমিটির তালিকা জেলা কমিটির সাধারণ সম্পাদকের ঠিকানায় গত বৃহস্পতিবার কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে।
এই বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কাছে কেউ কোনো কমিটি জমা দেয়নি । কারা, কিভাবে কমিটি করেছে, তাও আমার জানা নেই।”
শুক্রবার অনুষ্ঠিত কাউন্সিলে সাজেদা চৌধুরীর সঙ্গে মাসুদ হোসেনও ছিলেন।
পাল্টা কমিটি গঠনের ঘোষণায় বিস্ময় প্রকাশ করে কাউন্সিলে গঠিত কমিটির সভাপতি দেলোয়ার বলেন, আতমা হালিম ওয়ান-ইলেভেনের সময় ফেরদৌস আহমদ কোরেশীর নেতৃত্বে গঠিত পিডিপির ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক হয়েছিলেন, তিনি কখনোই আওয়ামী লীগ করেননি । তার নেতৃত্বে আওয়ামী লীগের কোনো কমিটি হতে পারে না।
কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটা আতমা হালিমের চালবাজি। এতে কেউ বিভ্রান্ত হবেন না।”
২০০৪ সালে নগরকান্দা আওয়ামী লীগের ত্যাগী নেতা মোয়াজ্জেম হোসেন সাহেব মিয়াকে আহ্বায়ক ও প্রয়াত সোলায়মান আলী এবং মনিরুজ্জামান সরদারকে যুগ্ম আহ্বায়ক করে নগরকান্দা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর মধ্যে নগরকান্দা থেকে সালথা উপজেলা হয়।
কিন্তু সালথায় আওয়ামী লীগের কোনো কমিটি ছিলো না। গত ১ জুন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফরিদপুরের তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভায় সব উপজেলায় কমিটি গঠনের নির্দেশ আসে। এরপর নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়।
