জামায়াত নিষিদ্ধে দ্বিধা কেন: ইমরান
যুদ্ধাপরাধে জড়িত থাকায় জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকালে শাহবাগে সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ আহ্বান জানান।
যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও জামায়াতের সাবেক আমির গোলাম আযমের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গোলাম আযমের সর্বাচ্চ শাস্তির দাবিতে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে ইমরান বলেন, “জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলো বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ মেলায় আগামী সংসদ নির্বাচনে এই দলের নিবন্ধন বাতিলে সমস্যা কোথায়?”
তিনি বলেন, যুদ্ধাপরাধের প্রতিটি রায়ে জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করা করেছে।
“তাহলে এদের নিষিদ্ধ করতে এত দ্বিধা কেন?” সরকারের কাছে প্রশ্ন রাখেন ইমরান।
তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য সারা বিশ্বে যেসব ট্রাইব্যুনাল হয়েছে সেগুলোর কোনটিতেই শাস্তি দেয়ার সময় বয়স বিবেচনায় আনা হয়নি।
“ট্রাইব্যুনাল বয়স বিবেচনা নিয়ে গোলাম আযমের যে রায় দিয়েছে তা আমরা গ্রহণ করতে পারিনি।”
গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির জন্য সরকার আপিল না করলে আইনে সুযোগ থাকলে গণজাগরণ মঞ্চ তা করবে বলে ঘোষণা দেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আসামিদের সাজা বাড়াতে বা খালাসের বিরুদ্ধে শুধু রাষ্ট্রপক্ষের আপিলের বিধান রয়েছে।
সমাবেশে মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, “আমরা যখন দেখি একাত্তরে যুদ্ধাপরাধীদের মূল হোতা, রাজাকারের শিরোমণি গোলাম আযমের বয়স বিবেচনায় সর্বোচ্চ শাস্তি দেয়া হয়নি তখন আমরা বিস্মিত হই।”
তিনি বলেন, ৮৪ বছর বয়সী ধীরেন্দ্রনাথ দত্তকে যখন এই রাজাকারের দল বেয়নেট দিয়ে আস্তে আস্তে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে তখন তো তারা বয়স বিবেচনা করেনি।
“যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সূর্যন্তানদের হত্যা করা হয়েছে তখন তো বয়স বিবেচনা করা হয়নি। তাহলে ট্রাইব্যুনাল বয়সের যে অজুহাত দেখান তা গ্রহণযোগ্য নয়।”
যুদ্ধাপরাধে দণ্ডিতরা যাতে ভবিষ্যতে রাষ্ট্রপতির ক্ষমা লাভ করতে না পারে তা নিশ্চিত করতে সংসদে বিল আনার দাবি জানান তিনি।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, “সময় থাকতে এদের (যুদ্ধাপরাধীদের) ফাঁসিতে ঝুলান, নইলে আপনাদের তলানিও খুঁজে পাবেন না।”
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার মারুফ রসুলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী, নারী অধিকার আন্দোলনের নেত্রী বিনা শিকদার, শিপ্রা বোস, ব্লগার একরামুল হক শামীম, মুক্তিযোদ্ধা মাহাবুব জামান, নারী মুক্তিযোদ্ধা আমেনা সুলতানা বকুল প্রমুখ বক্তব্য দেন।
গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির জন্য তার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি নিয়ে আগামী ২০ জুলাই সকালে ১১টায় অ্যাটর্নি জেনারেলের কাছে যাবে গণজাগরণ মঞ্চ।
এরপর ২৬ ও ২৭ জুলাই শাহবাগে ‘ইতিহাসের পোট্রেট’ শিরোনামে মুক্তিযুদ্ধের আলোচচিত্র প্রদর্শন করা হবে।
