২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের সাজা দ্রুত বাস্তবায়ন চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা

একাত্তরের যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 12:19 AM

Updated : 23 Aug 2022, 11:12 AM

একইসঙ্গে একাত্তরের গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ গোলাম আযমের বিরুদ্ধে দেয়া যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে আপিল করাসহ অপর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া রায় দ্রুত কার‌্যকর করার দাবিও জানিয়েছেন তারা।

বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক, নিউজার্সি, ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, বস্টন, মিশিগান, টেক্সাস, লসএঞ্জেলেসে ইফতার মাহফিলের সমাবেশে এ দাবি জানান তারা।

এসব সমাবেশে তারা মুজাহিদের বিরুদ্ধে রায় সম্পর্কে বলেন, এর মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো যে, একাত্তরের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রসংঘ তথা আজকের ছাত্রশিবির প্রকৃত অর্থেই সন্ত্রাসী সংগঠন। এ দুটি সংগঠনকে নিষিদ্ধ করতে যতো বিলম্ব ঘটবে বাংলাদেশে গুপ্তহত্যা এবং স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র ততো স্থায়িত্ব পাবে।

এসব ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল ইসলাম, সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের প্রধান নূরনবী কমান্ডার, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্রেটিক বাংলাদেশের আহ্বায়ক ও সিটি কাউন্সিলম্যান ড. নূরন্নবী এবং সদস্য সচিব জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সেক্রেটারি ফরিদ আলম, গণজাগরণ মঞ্চের নেতা মিঠুন আহমেদ, লুৎফুন্নাহার লতা, মিনহাজ সাম্মু, আকবর হায়দার কিরণ, তৈয়বুর রহমান টনি, শিবলী সাদিক শিবলু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন আমিন, সহ-সভাপতি আব্দুল হাই জিয়া, খোরশেদ খন্দকার, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের নেতা মাহমুদুন্নবী বাকী এবং নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের ইকবাল ইউসুফ এসব সমাবেশে বক্তব্য রাখেন।

এছাড়া গণজাগরণমঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে।