২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে শিবিরের সংঘর্ষে আহত ৬

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় দেয়ার পর ঝিনাইদহে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 03:26 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বুধবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, যশোর রোডে পুলিশ লাইন থেকে একটু দূরে ছাত্র শিবির মহসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ আবরোধ তুলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।

“শিবির পুলিশকে লক্ষ্য করে ইট ও হাতবোমা নিক্ষেপ  করে। পুলিশ  ১৬  রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান দাবি করেন, শিবিরের ইটের আঘাতে এসআই শাহরিয়ার, এসআই এমদাদসহ তিন কনস্টেবল আহত হয়েছেন। 

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবু হাসান নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

শিবিরের ঝিনাইদহ শহর কমিটির দপ্তর সম্পাদক এরশাদ আলি দাবি করেছেন, তাদের দু’জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে।

নাশকতা এড়াতে শহরজুড়ে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।