২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমভি হোপের দুই নাবিকের লাশ পৌঁছেছে

আন্দামান সাগরে দুর্ঘটনায় পড়া বাংলাদেশি জাহাজ এমভি হোপের দুই নাবিকের লাশ দেশে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার বিকালে থাইল্যান্ড থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হোপের চিফ অফিসার মোহাম্মদ মাহবুব মোর্শেদ ও চিফ ইঞ্জিনিয়ার কাজী সাইফুদ্দিনের লাশ ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর থেকে সাইফুদ্দিনের লাশ তার স্বজনেরা মানিকগঞ্জের বাড়িতে নিয়ে যান।

চিফ অফিসার মাহবুব মোর্শেদের লাশ অপর একটি ফ্লাইটে সন্ধ্যায় চট্টগ্রামে নিয়ে আসা হয়।

মাহবুবের বড়ভাইয়ের ছেলে ফাহিম মো. মিনহাজ মনজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দর থেকে লাশ নগরীর হালিশহরের কে ব্লকের নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার বাদ জোহর চাচার লাশ দাফন করা হবে।  

আন্দামান সাগর থেকে জীবিত উদ্ধার মোবারক হোসেন এখনো থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ জুন আন্দামান সাগরের থাইল্যান্ড উপকূলে দুর্ঘটনায় পড়ে এমভি হোপ। এতে ১৭ জন নাবিক ছিলেন।

দুর্ঘটনার পর পাঁচ নাবিককে বাক্সমুন নামে একটি জাহাজ এবং থাই রয়েল নেভি একজনকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে আরো তিন নাবিককে জীবিত এবং দুজনের লাশ উদ্ধার করা হয়।

এখনো পর্যন্ত জাহাজটির ছয় নাবিক নিখোঁজ আছেন।