রায়ে আ.লীগের সন্তোষ
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধীর নরঘাতক আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি দেশবাসীর প্রত্যাশা ছিলো। এ রায় ঘোষণা হওয়ায় দেশবাসীর সঙ্গে আওয়ামী লীগও সন্তোষ প্রকাশ করছে।”
এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত দেশবাসীকে সরকারকে সহায়তা করতে আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি অভিযোগের মধ্যে অপহরণ, নির্যাতন ও বুদ্ধিজীবীহত্যাসহ মানবতাবিরোধী পাঁচটি ঘটনায় মুজাহিদের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়।
এর মধ্যে তিনটিতে তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
জামায়াতে ইসলামীর ‘গুরু’ গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ডের রায়ের পরও সন্তোষ প্রকাশ করেছিল আওয়ামী লীগ।
