গাজীপুরে গুলিবিদ্ধ যুবক আটক, অস্ত্র-গুলি উদ্ধার
গাজীপুর মহানগরী থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটকের পর অস্ত্র ও গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে নগরীর মালেকের বাড়ী এলাকা থেকে কামাল হোসেন (৩২) নামের ওই যুবককে আটক করা হয়।
কামাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার কানাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে জয়দেবপুরসহ ঢাকার বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের সাংবাদিকদের জানান, কামাল হাজীর পুকুর এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে সন্ত্রাসী কাজ পরিচালনা করত। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল দৌড়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ এ সময় গুলি করলে কামালের বামপায়ে লাগে। পরে তার কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কামালকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
