২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পূজার প্রসাদ খেয়ে অসুস্থ ৩০

সাভারে পূজার প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় কমপক্ষে ৩০ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার রাতে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা গ্রামের নারায়ণ সরকারের বাড়িতে শনি পূজার প্রসাদ খায় অসুস্থরা।

অসুস্থরা রাতেই ঢাকার মহাখালীর কলেরা হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অসুস্থ নিমাই চন্দ্র সরকার, হরিপদ সরকার, রবীন্দ্র সরকারসহ বেশ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারা নারায়ণ সরকারের বাড়িতে পূজা শেষে আনারস, কমলা, আপেল, কাঁঠাল, কলা, শসা ও দুধ দিয়ে তৈরি বিভিন্ন প্রসাদ দেয়া হয়।

রবীন্দ্র সরকার জানান, রাত ২টার দিকে হঠাৎ তাদের বমিসহ মাথা ব্যথা শুরু হয়। তখন তিনি, তার স্ত্রী অনিতা, ভাই নিমাই, মেয়ে দীপা ও ছেলে বাদলকে নিয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসক নাদিল হাফিজ জানান, অসুস্থদের স্যালাইন ও ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ সমস্যা হয়েছে।”

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।