২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের ডাক কোটাবিরোধীদের

সরকারি চাকরিতে নিয়োগে কোটা বাতিলের দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে রোববার ধর্মঘট ডেকেছে আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফলকে কেন্দ্র করে আন্দোলনরতরা শনিবার এক বিবৃতিতে এই কর্মসূচি আহ্বান করেছে।

আন্দোলনের মুখে সরকারি কর্মকমিশন (পিএসসি) প্রিলিমিনারির ফল স্থগিতের পরও কোটা বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত থাকায় এতে ইসলামী ছাত্রশিবিরের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।

কোটাবিরোধীরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করতে গিয়ে ছাত্রলীগের বাধার মুখে পড়ে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বলেছে, পরিস্থিতি অস্থিতিশীল করতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা বাতিলের দাবি তোলা হচ্ছে।

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশে বাধার নিন্দাও জানান।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফের নেতৃত্বে একদল সশস্ত্র ছাত্রলীগকর্মী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

তবে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে ওমর শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষার্থীদের তাড়া খেয়েই তারা পালিয়েছে।”

Image
বুধবারের অবরোধের ছবি

বুধবারের অবরোধের ছবি

কোটাবিরোধীরা পাঁচটি দাবি জানিয়েছেন- বৃহস্পতিবারের ঘটনায় তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আটকদের মুক্তি, ছাত্রলীগের ‘হামলার’ বিচার, কোটাবাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া বন্ধ।

এসব দাবি মানা না হলে রোববারের ধর্মঘটের পর লাগাতার কর্মসূচি দেয়ার হুমকিও দিয়েছে আন্দোলনকারীরা।

গত সপ্তাহে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল কোটার ভিত্তিতে প্রকাশের পর অনুত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে রাজপথে নেমে আসে। বুধবার রাজধানীর শাহবাগে দিনভর সড়ক অবরোধ করে তারা।

পরদিন শাহবাগে অবরোধ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। তখন সংঘর্ষ বাঁধলে সেই ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দুটি মামলা হয়।

পুরনো খবর:

রাবিতে কোটাবিরোধীদের অবরোধ
কোটা নিয়ে ঢাবিতে পাল্টাপাল্টি মিছিল