২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা নিয়ে ঢাবিতে পাল্টাপাল্টি মিছিল

বিসিএসসহ সরকারি চাকরিতে কোটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে দুটি মিছিল হয়। এর একটির স্লোগান ছিল কোটা রাখার পক্ষে, অন্যটির ছিল বিপক্ষে।

গত কয়েকদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একদল শিক্ষার্থী কোটা বিলুপ্তির দাবিতে মিছিল শুরু করে।

সেখানে সমাবেশের চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আন্দোলনকারীদের একজন শাহীন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে আসি।কিন্তু ছাত্রলীগ আমাদেরকে বাধা দেয়ায় তা করতে পারিনি।”

তবে ওই সমাবেশে বাধা দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরিফ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষার্থীদের তাড়া খেয়েই তারা পালিয়েছে।”

এদিকে এর পরপরই ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আরেক দল শিক্ষার্থী।

এই মিছিলে অংশ নেয়া শিক্ষার্থী আরিফ রায়হান বলেন, “আজ যারা আন্দোলন করেছে। তারা কাদের জন্য আন্দোলন করছেন? এদেশ মুক্তিযেযাদ্ধারা স্বাধীন করেছিল বলেই আজ তারা স্বাধীন বাংলায় কথা বলতে পারছেন। তারা সরকারের নিকট থেকে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য।”

তার অভিযোগ, একটি কুচক্রি মহল কোটা বিলোপের দাবি তুলে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে।

গত সপ্তাহে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল কোটার ভিত্তিতে প্রকাশের পর অনুত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে রাজথে নেমে আসে। বুধবার রাজধানীর শাহবাগে দিনভর সড়ক অবরোধ করে তারা।

পরদিন রাজশাহীসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করলেও ঢাকায় পুলিশি বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায়।

বিক্ষোভের মুখে সরকারি কর্মকমিশন (পিএসসি) বুধবার ফলাফল স্থগিতের সিদ্ধান্ত জানানোর পরও কোটাবিরোধীদের আন্দোলনে থাকায় এর পেছনে ইসলামী ছাত্রশিবিরের ইন্ধন রয়েছে বলে দাবি করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান‘সহ বিভিন্ন সংগঠন।

পুরনো খবর:

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে অবরোধের ডাক
কোটা: ঢাবি ক্যাম্পাসে সংঘর্ষ-ভাংচুর