২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজার সরগরম

প্রচণ্ড গরমে ক্লান্তির ছাপ সবার চোখেমুখে। তারপরও প্রথম রোজার ইফতারে ঐতিহ্যবাহী মুঘল খাবারের স্বাদ নিতে চকবাজারে দেখা গেল উপচে পড়া ভিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বরাবরের মতো বৃহস্পতিবারও দুপুর থেকেই নানা পদের ইফতারের পসরা সাজিয়ে বসেছিলেন চকের দোকানীরা। বেলা যতো বেড়েছে, একশ গজ আয়তনের ওই ইফতারের বাজারে ভিড় বেড়েছে পাল্লা দিয়ে।

ভিড় ঠেলে রীতিমতো লড়াই করে পছন্দের ইফতারি কেনার পর নানা বয়সী নারী-পুরুষকে মানুষকে দেখা গেল হাসিমুখে ছুটছেন যার যার বাড়ির দিকে।

গুলশানের বসুন্ধারা থেকে চকে এসেছিলেন সেলিনা বেগম, সঙ্গে তার তিন মেয়ে নাবিহা, নওশীন ও নওরিন।

এতো দূর থেকে যানজট ডিঙিয়ে কেন এসেছেন জানতে চাইলে সেলিনা বলেন, “চকবাজারের ইফতারি কিনব, যানজটের কষ্টের কথা ভাবলে কি হবে? আমি গাজীপুর থাকলেও ইফতারি কিনতে চকবাজারে অাসতাম।”

চকের ইফতারের প্রশংসায় পঞ্চমুখ কলেজে পড়ুয়া নাবিহাও। তার মতে, চকবাজারের মতো দই বড়া, শিক, সুতি বা জালি কাবাব ঢাকার আর কোথাও পাওয়া যায় না।

চকে বিভিন্ন ঢঙে সাজানো শাতাধিক ইফতারের দোকানে কোনো সাইনবোর্ড না থাকলেও কয়েকটি দোকানে দেখা গেল লোভনীয় সব খাবারের ছবি। সঙ্গে লেখা “বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায়।”

চকবাজারের পাশে হেকিম হাবিবুর রহমান রোডের বাসিন্দা আলমগীর হোসেন ইফতার বাজারের এই রমরমা দেখছেন সত্তর বছর ধরে। তিনি বলেন, চকের ইফতারের মূল আকর্ষণ বিভিন্ন মোগলাই খাবার। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বাজারে অনেক খাবার যুক্ত হয়েছে যা নবাবদের খাবার ছিল না।

“কলিজা, মগজ, মুরগীর মাংস, চিড়া, ডাল, সুতিকাবাব, আলু ও ডিমসহ ১২ ধরনের মসলা দিয়ে তৈরি ‘বড় বাপের পোলায় খায়’ নিয়ে প্রতিবছর পত্রিকায় লেখা হয়। এই খাবারের উৎপত্তি এই চকবাজারেই, মুঘল রসুইখানায় নয়।”

এছাড়া ঘোল-মাঠা, বোরহানি, লাবাং, শরবত, গরুর চপ, মালাইকাপ, ফিরনি, সিঙ্গাড়া, দই-বুন্দিয়া, ভেজিটেবল রোল, ব্যানানা রোল, চিকেন কাটলেট, নিমকপাড়া, টানা পরোটা, শাহী জিলাপি ও বেগুনিসহ শত পদের খাবার বিক্রি হতে দেখা গেল দোকানে দোকানে। 

সিরাজ উদ্দিন মগবাজার থেকে চকবাজারে আসেন রোস্ট কিনতে। প্রথম রোজায় তিনি কিনেছেন কবুতর ও খাসীর পায়ের রোস্ট।  

তবে মিটফোর্ডের কেমিকেল ব্যবসায়ী নবাবের প্রিয় খাবার হলো চকের সুতি কাবাব। এর জন্যই তার চকবাজারে আসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুধু চকবাজারে না, পুরান ঢাকার প্রতিটা সরু গলিতেই ইফতারির বাজার বসে। তবে চকের ইফতারের স্বাদই আলাদা।”