ছাত্রী নিপীড়নের অভিযোগে শিক্ষক বরখাস্ত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
বুধবার চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুর রহমানকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক অজয় চন্দ্র রায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দশম শ্রেণির মানবিক শাখার এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানী করে আসছিলেন শফিকুর। অভিভাবকরা বিষয়টি কিছুদিন আগে তাকে মৌখিকভাবেও জানান। কিন্তু লিখিত কিংবা প্রকাশ্যে কেউ অভিযোগ উত্থাপন না করায় তিনি কোন সিদ্ধান্ত নিতে পারছিলেন না।
গত ৭ জুলাই স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ওই শিক্ষকের শাস্তির দাবিতে তার কাছে লিখিত অভিযোগ দেন এবং ৮ জুলাই বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
পরিস্থিতি সামাল দিতে স্কুল পরিচালনা কমিটি গতকাল ১০ জুলাই জরুরি সভা করে শফিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করে বলে জানান প্রধান শিক্ষক।
এদিকে অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমুলক বলে দাবি করে পাল্টা অভিযোগ করেন, তাকে চাকরিচ্যুত করার জন্য একটি মহল এই মিথ্যা অভিযোগ তুলেছে।
তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
