দুর্ঘটনায় টেম্পুচালক নিহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন একটি টেম্পুর চালক। আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা হয় বলে জানান মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত বিরশাদ আলী (৩০) ইমা গাড়ির চালক। তিনি নগরীর মতিহার থানার বাখড়াবাগ এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সকালে বিশ্ববিদ্যালয় পরিবহনের একটি বাস বানেশ্বরের উদ্দেশে রওনা দেয়। পথে যাত্রীবাহী টেম্পুটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন।
রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের কর্মকর্তা ইব্রাহিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গাড়ির চালক মারা গেছেন।
আরো ২/৩ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের সেকশন কর্মকর্তা ফজলুর হক বলেন, “সকালে বানেশ্বরের শিক্ষার্থীদের ক্যাম্পাসে নেয়ার জন্য আমাদের গাড়িটি ছেড়ে যায়। এইসময় টেম্পুটি বেপারোয়া গতিতে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগায়।”
তিনি আরো বলেন, চালক অক্ষত থাকলেও বিশ্ববিদ্যালয়ের গাড়িটির ব্যাপক ক্ষতি হয়ছে।
