রাজধানীতে রথযাত্রা উৎসব
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
বুধবার বিকালে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা। বিপুল সংখক ভক্তের অংশগ্রহণে রথযাত্রার মিছিল জয়কালী মন্দির, মতিঝিল, প্রেসক্লাব, দোয়েল চত্ত্বর, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়।
এছাড়া উৎসব উপলক্ষ্যে মন্দির এলাকায় আয়োজিত মেলায়ও দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।
প্রতিবারের মতো এবারও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) রথযাত্রার আয়োজন করে। আটদিন পর ঢাকেশ্বরী মন্দির থেকে রথের উল্টো যাত্রা শুরু হবে।
এদিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামেও পালিত হয়েছে রথযাত্রা। নগরীর সবচেয়ে বড় শোভাযাত্রা বের হয় নগরীর প্রবর্তক এলাকার ইসকন মন্দির থেকে।
শোভাযাত্রটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয় নন্দনকানন ইসকন মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলম।
সনাতন ধর্মীয় রীতিতে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়ে থাকে এবং একাদশী তিথিতে শুরু হয় ফিরতি রথ। প্রথম দিন যেখান থেকে যাত্রা শুরু হয় আটদিন পর আবার সেখানেই তা ফিরিয়ে আনা হয়, ভক্তদের কাছে যা উল্টো রথ নামে পরিচিত।
ভক্তদের বিশ্বাস, জগন্নাথ দেবই জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলেই মানুষের মুক্তিলাভ হয়।
সনাতন ধর্মের বিশ্বাস মতে, রথোপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীব পুনর্জন্মের ধারা থেকে রক্ষা পায়। আর তাই জগন্নাথদেবের কৃপা প্রার্থনা করে পালন করা হয় রথযাত্রার আনুষ্ঠানিকতা।
জগন্নাথ দেবের রথযাত্রার প্রধান কেন্দ্র উড়িষ্যার সমুদ্রতীরবর্তী পুরীধাম। সেখানকার রথযাত্রার অনুসরণেই পৃথিবীর বিভিন্ন দেশে জগন্নাথদেবের রথযাত্রার উৎসব পালিত হয়।
