২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লিটন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

আগৈলঝাড়া উপজেলার লিটন হত্যা মামলার ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত লিটনের চাচা মো. আলাউদ্দিন হাওলাদার ও চার চাচাতো ভাই মিঠু হাওলাদার, মিজান হাওলাদার, তারিকুল ইসলাম হাওলাদার ও টুটুল হাওলাদার।

রায় ঘোষণার সময় টুটুল হাওলাদার ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে নিহতের চাচী জাহানারা বেগমকে খালাস দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল জানান, পেঁপে গাছ রোপণ নিয়ে ২০০৯ সালের ২৯ জুন লিটনকে কুপিয়ে জখম করে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ছয়জনকে আসামি করে করে ওই দিনই আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আনিছুর রহমান বাচ্চু।

একই বছরের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার খান।

আইনজীবী জানান, আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন দণ্ড ছাড়াও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছে।