২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ধাপে সরকারি হলো ২২৯২৫ স্কুল

প্রধানমন্ত্রীর ঘোষণার ছয় মাসের মাথায় দেশের ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 12:18 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন এক সংবাদ সম্মেলনে বলেন, “আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এসব বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষক সরকারি সুযোগ-সুবিধা পাবেন। অগাস্টের মধ্যেই অধিগ্রহণ করা বিদ্যালয়গুলোর সরকারিকরণের কার্যক্রম শেষ হবে।”

শিক্ষকদের আন্দোলনের পর গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। এসব বিদ্যালয়ে ১ লাখ ৩ হাজার ১৯২ জন শিক্ষক কর্মরত।

মন্ত্রী বলেন, প্রথম ধাপে ২২ হাজার ৯২৫টি বিদ্যালয়ের মধ্যে ঢাকা বিভাগে চার হাজার ৮২৫টি, রাজশাহীতে তিন হাজার ৩৭৫টি, চট্টগ্রামে তিন হাজার ১৮৯টি, খুলনায় তিন হাজার ৪৫২টি, বরিশালে দুই হাজার ৪২০টি, সিলেটে এক হাজার ৩৬২টি এবং রংপুরে চার হাজার ৩০২টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। 

সারা দেশের বিপুল সংখ্যক বিদ্যালয় ও শিক্ষকদের তথ্য সংগ্রহ এবং যাচাই সময় সাপেক্ষ ও ব্যয়বহুল উল্লেখ আফছারুল বলেন, মন্ত্রণালয় ও অধীনস্ত প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার ফলে জাতীয়করণ প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে।

এসব বিদ্যালয়ের জনবল কাঠামো সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং পেলেই তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন। এ বছরের ১ জানুয়ারি থেকেই এসব বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি সুবিধার আওতায় আসবেন।

তিন দফায় বেসরকারি শিক্ষককদের জাতীয়করণে সরকারের অতিরিক্ত খরচ হবে ৬৫১ কোটি টাকা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় সরকারি হওয়া শিক্ষকরা যথাক্রমে চলতি বছরের ১ জানুয়ারি, ১ জুলাই এবং আগামী বছরের ১ জানুয়ারি থেকে সরকারি বেতন-ভাতা পাবেন।

আফছারুল আমীন জানান, ১ জুলাই থেকে দ্বিতীয় ধাপে দুই হাজার ২৫২টি এমপিওভূক্ত রেজিস্ট্রার্ড বিদ্যালয় জাতীয়করণ করা হবে। বিদ্যালয় ও শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

এছাড়া তৃতীয় ধাপে নিবন্ধনের জন্য অপেক্ষামান ৯৬০টি বিদ্যালয় ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে জাতীয়করণ হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

জুনে সরকারি হচ্ছে প্রায় ২৩ হাজার বিদ্যালয়