সরকারি কর্মচারীদের ইনক্রিমেট দেয়ার দাবি
সরকারি কর্মচারীদের বেতন ৩০ শতাংশ বাড়ানোসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ নামের একটি সংগঠন।
বেতন বাড়ানোর আগে রমজানের মধ্যেই তিনটি বিশেষ ইনক্রিমেন্ট দেয়ারও দাবি জানিয়েছে তারা।
বুধধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মো. আমজাদ আলী খান।
তিনি বলেন, “সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। মাননীয় প্রধানমন্ত্রী কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন।
“কিন্তু তা বাস্তবায়নে অনেক সময় লাগবে। এজন্য বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্দশা লাঘবের জন্য রমজানের মধ্যেই তিনটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদানের জোর দাবি জানাচ্ছে।”
দাবি পূরণ না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ারও হুমকি দেন তিনি।
তাদের অন্য দাবিগুলো হচ্ছে- কর্মচারীদের জন্য স্থায়ী বেতন ও সার্ভিস কমিশন গঠন, অবসর ভাতা ৮০ শতাংশের পরিবর্তে একশ’ শতাংশে উন্নীত করা, নন গেজেটেড কর্মচারীদের দ্বিতীয় ধাপ সিলেকশন গ্রেড দেয়া, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ বাতিল করে সরাসরি নিয়োগ ব্যবস্থা চালু, সরকারি গাড়ি চালকদের পদ কারিগরী হিসাবে ঘোষণা করা এবং তাদের ঝুঁকি ভাতা দেয়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী রেশনের মাধ্যমে দেয়ার ব্যবস্থা করা।
