২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির উদ্দেশ্য সরকারকে বিব্রত করা: কামরুল

টিআইবির সমালোচনা করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তাদের প্রতিবেদনের উদ্দেশ্য সরকারকে বিব্রত করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 09:38 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

দুর্নীতির চিত্র নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন প্রকাশের পরদিন বুধবার এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিশ্বজুড়ে দুর্নীতির চিত্র নিয়ে মঙ্গলবার একযোগে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়, গত এক বছরে দেশে দুর্নীতি বেড়েছে। দুর্নীতির সেক্ষেত্রে শীর্ষ খাতগুলো হলো- রাজনৈতিক দল, পুলিশ ও বিচার বিভাগ।

কামরুল বলেন, “রাজনৈতিক নেতাদের চরিত্র হনন ও বিচার বিভাগকে বিতর্কিত করতেই টিআইবি এ মুহূর্তে এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে।

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হননের জন্য ও বিচার বিভাগকে বিতর্কিত করার জন্য একটি শ্রেণী উঠেপড়ে লেগেছে। তাই দেশের ক্রান্তিকালে টিআইবি এই রিপোর্ট প্রকাশ করেছে।”

দুপুরে রাজধানীর রামসীতা মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।

মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি চিত্তরঞ্জন দাস, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বক্তব্য রাখেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কামরুল ইসলাম।

আলোচনা সভা শেষে আইন প্রতিমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন।