সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-বেলারুশ ৭ চুক্তি
দ্বৈত কর পরিহার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে রূপরেখা চুক্তিসহ সাতটি চুক্তি করেছে বাংলাদেশ ও বেলারুশ।
এছাড়া পরমাণু শক্তি ও সামরিক খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে দুই দেশ।
মঙ্গলবার বেলারুশের হাউস অব গভর্নমেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোভিচের উপস্থিতিতে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
দেশটির জাতীয় সংবাদ সংবাদ সংস্থা বেলারুশিয়ান টেলিগ্রাফ এজেন্সি (বেলটা) জানায়, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও বেলারুশের কর ও শুল্কমন্ত্রী ভ্লাদিমির পলুয়ান দ্বৈত কর পরিহার বিষয়ে একটি চুক্তিতে সই করেন।
আর পণ্য রফতানিতে ঋণ সংক্রান্ত কাঠামো চুক্তিতে সই করেন বেলারুশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক এবং বেলারুশের উপ-প্রধানমন্ত্রী ও ওএও ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান সার্গেই রুমাস।
ব্যাংকটির মুখপাত্রের বরাত দিয়ে বেলটা বলেছে, এই রূপরেখা চুক্তির আওতায় দুই দেশের রপ্তানি পণ্যের একটি তালিকা এবং অর্থায়নের শর্ত নির্দিষ্ট করা হয়েছে।
এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।
পরমাণু শক্তির ‘শান্তিপূর্ণ ব্যবহার’ ও সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বেলারুশের জ্বালানি মন্ত্রী ভ্লাদিমির পটুপচিক।
সাংস্কৃতিক সহযোগিতা, দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ও বেলারুশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা বিনিময়ের বিষয়ে তিনটি সমঝোতা স্মারকও সাক্ষরিত হয় এ সময়।
এছাড়া অগ্রাধিকারমূলক রপ্তানিতে ঋণ সুবিধা দেয়ার বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করেন রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক ও বেলারুশের ফার্স্ট ডেপুটি মিনিস্টার ভ্লাদিমির আমারিন।
এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “দ্বিপক্ষীয় বৈঠকে ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বেলারুশের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বলেও শেখ হাসিনা জানান।
তিনি জানান, দুই দেশের সামরিক সহযোগিতা বাড়াতে একটি কমিটি গঠনের ব্যাপারেও তারা একমত হয়েছেন।
বেলারুশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর আওতায় বাণিজ্য, সামরিক ও কারিগরি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য তিনটি যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
এর আগে প্রধানমন্ত্রী হাউস অব গভর্নমেন্টে পৌঁছালে বেলারুশের প্রধানমন্ত্রী শেখ হাসিনকে স্বাগত জানান। সে দেশের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়।
বেলারুশের মিনস্ক ন্যাশনাল লাইব্রেরিতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি-এফবিসিসিআই এবং বেলারুশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-বিইআইসিসিআই এর এক বৈঠকেও অংশ নেন দুই প্রধানমন্ত্রী।
সেখানে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সহযোগী হওয়ার জন্য বেলারুশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
বার্তা সংস্থা বেলটা জানায়, চলতি বছরের জানুয়ারি-এপ্রিল সময়ে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে ৪ কোটি ৩৪ লাখ ডলারের বাণিজ্য হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি।
প্রধানমন্ত্রী সফর শেষে বুধবার দেশে ফিরবেন বলে তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
